স্মৃতির উঠোনে আবারও একসাথে - মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের আবেগঘন ইফতার

Date: 2026-03-13
news-banner

মোঃ বশির আহমেদ সানি: 
‎রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় - যে প্রাঙ্গণে একসময় প্রতিদিনের হাসি, দৌড়ঝাঁপ, হৈ হুল্লোড় আর স্বপ্নে ভরা দিন কেটেছে - সেই চিরচেনা স্কুলের ২০০৭ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা শুক্রবার আবারও একত্র হলেন।  আয়োজন করা হয় এক আন্তরিক ও আবেগঘন ইফতার মাহফিলের, যা পরিণত হয় বন্ধুদের এক উষ্ণ মিলনমেলায়।
‎সময়ের স্রোতে সবাই ছড়িয়ে পড়েছেন জীবনের নানা ব্যস্ততায় - কেউ কর্মজীবনে, কেউ পরিবারে। তবু এই একটি বিকেল যেন সবাইকে ফিরিয়ে নিয়ে যায় সেই সোনালি স্কুলজীবনে। অনেকদিন পর প্রিয় বন্ধুদের মুখোমুখি হয়ে কারও চোখে ছিল আনন্দের ঝিলিক, কারও কণ্ঠে ছিল স্মৃতির আবেগ।
‎বন্ধুদের কেউ স্মরণ করলেন ক্লাস ফাঁকি দিয়ে আড্ডার দিনগুলো, কেউ বললেন টিফিন ভাগাভাগি করার গল্প, আবার কেউ ফিরে গেলেন সেই দুষ্টুমি আর খুনসুটির মুহূর্তগুলোতে। হাসি, গল্প আর স্মৃতিচারণে পুরো পরিবেশ হয়ে ওঠে উচ্ছ্বাসে ভরা, আবার কোথাও কোথাও নীরব আবেগেও ভেজা।
‎বন্ধুদের অনেকেই বলেন, “সময় আমাদের দূরে নিয়ে গেলেও স্কুলজীবনের বন্ধুত্ব কখনো দূরে যায় না। এমন একটি আয়োজন আবারও মনে করিয়ে দেয় - আমরা এখনও সেই আগের মতোই বন্ধু।” ইফতারের আগে ও পরে বন্ধুদের মধ্যে চলতে থাকে গল্প, কুশল বিনিময় ও স্মৃতিচারণ।
‎ইফতার পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতারের সময় সবাই একসঙ্গে বসে ইফতার করেন, যেন বহুদিনের দূরত্ব মুহূর্তেই মিলিয়ে যায়। 
‎অনুষ্ঠানে ০০৭ ব্যাচের উল্লেখযোগ্য সংখ্যক বন্ধু উপস্থিত ছিলেন। সবার হৃদয়ে যেন একটাই অনুভূতি - জীবনের ব্যস্ততার ভিড়েও এই বন্ধুত্ব আর স্মৃতির টান কখনো ফুরিয়ে যাবে না।

Leave Your Comments