কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ

Date: 2026-03-15
news-banner

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

বিকেল ৫টার দিকে কালিগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মৌতলা ইউনিয়নের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মেসার্স লায়ন এন্টারপ্রাইজ’-এ অভিযান চালায়। এ সময় সেখান থেকে মোট ৩০টি ব্যারেল জব্দ করা হয়। এর মধ্যে ৬ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল পেট্রোল ভর্তি ছিল এবং বাকি ২০টি ব্যারেল খালি পাওয়া যায়।
পরে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দোকানের মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহ (২৬) তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং অবৈধভাবে মজুদ রাখার দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে দুপুর ৩টা ২০ মিনিটের দিকে বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে মোঃ আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২০০ লিটার তেল, তেল বিক্রির সরঞ্জাম ও একটি খালি ব্যারেল জব্দ করা হয়। আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এবং অবৈধ উদ্দেশ্যে তেল মজুদ রাখার দায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।

সার্কেল এসপি রাজিব আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্তরা ভবিষ্যতে তেলের দাম বাড়ার আশায় অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে এসব তেল মজুদ করেছিলেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave Your Comments