মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় হঠাৎ জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকরা। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর থেকে উপজেলার দুটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি বিক্রি বন্ধ থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশায় সময় কাটাতে দেখা গেছে শত শত চালককে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালিগঞ্জ ফিলিং স্টেশনে সন্ধ্যার পর থেকে তেল নেওয়ার আশায় কয়েক শতাধিক মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত একই অবস্থা বিরাজ করলেও তেল সরবরাহ শুরু না হওয়ায় অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।
অন্যদিকে, কালিগঞ্জ স্টার ফিলিং স্টেশনেও মঙ্গলবার দুপুরের পর থেকেই জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে ভিড় বাড়তে থাকে। দীর্ঘ সময় অপেক্ষার পরও পাম্প কর্তৃপক্ষ বা কর্মচারীদের দেখা না মেলায় অনিশ্চয়তায় পড়েন চালকরা।
ভুক্তভোগী কয়েকজন মোটরসাইকেল চালক জানান, হঠাৎ তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। কেউ কেউ জরুরি কাজে বের হয়ে মাঝপথে আটকে পড়ার কথাও জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, জ্বালানি সংকটের সুনির্দিষ্ট কারণ দ্রুত জানিয়ে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা জরুরি।
দীর্ঘ সময় এ পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।