তাহিরপুরে নিঃস্বার্থ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫০ টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Date: 2026-03-19
news-banner

মোঃ আতিকুর রহমান, ষ্টাফ রিপোর্টার

তাহিরপুর-এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবিক উদ্যোগ নিয়েছে নিঃস্বার্থ ফাউন্ডেশন।  এলাকার সচেতন যুবকদের সমন্বয়ে গড়ে উঠা এ সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী  এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারের হাতে কাপড়, চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, সেমাইসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় অসহায় পরিবারদেরকে ঈদ সামগ্রীর পাশাপাশি ১ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তাও প্রদান করা হয়। 

 ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা গেছে।
সামগ্রী গ্রহণ করতে আসা একাধিক উপকারভোগী জানান, বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছিল। এমন সময়ে নিঃস্বার্থ ফাউন্ডেশনের এই সহায়তা তাদের ঈদ উদযাপনকে সহজ করেছে এবং পরিবারে আনন্দের পরিবেশ তৈরি করেছে।

নিঃস্বার্থ ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলেও জানান তারা।

তারা আরও বলেন, “আমরা চাই সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ উপভোগ করুক। সেই লক্ষ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিঃস্বার্থ ফাউন্ডেশনের এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, সমাজের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং সমাজে মানবিকতা আরও বিকশিত হবে।

এ ধরনের উদ্যোগ ঈদের আনন্দকে শুধু ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন এলাকাবাসী।

Leave Your Comments