প্রতারণার শিকার ১২ শ’ পরিবার, উধাও ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা

Date: 2026-03-19
news-banner

বগুড়া পৌর এলাকার মালগ্রাম চাপড়পাড়া মহল্লায় ‘ফোর স্টার সঞ্চয় সমিতি’র নামে ভয়াবহ প্রতারণার ঘটনা ঘটেছে। জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক সেক্রেটারি আব্দুল হাকিম ও তার সহযোগী আকরাম ও শাহীন মিলে এই সমিতি গড়ে তোলেন।  

সমিতির নিয়ম ছিল—সদস্যরা সারা বছর সর্বনিম্ন পাঁচ হাজার টাকা জমা দিলে ঈদের আগে আট কেজি গরুর মাংস দেওয়া হবে। স্থানীয় নিম্নবিত্ত মানুষ, বিশেষ করে মহিলারা অতি কষ্টে সাপ্তাহিক কিস্তিতে টাকা জমা করতে থাকেন। এভাবে প্রায় ১২ শ’ পরিবারের সঞ্চিত অর্থ দাঁড়ায় প্রায় ৭৭ লাখ টাকা।  

গত ১৬ মার্চ প্রতিশ্রুত মাংস দেওয়ার কথা থাকলেও সদস্যদের পরদিন আসতে বলা হয়। কিন্তু ১৭ ও ১৮ মার্চ সমিতির কার্যালয় বন্ধ পাওয়া যায়, আর পরিচালকরা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। ফলে হতাশ ও দিশেহারা হয়ে পড়েছেন শত শত পরিবার।  

ভুক্তভোগীরা জানান, তারা স্থানীয় জামায়াত নেতা ও পুলিশের শরণাপন্ন হয়েছেন। তবে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।  

Leave Your Comments