কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে বিমান হামলার ঘটনায় অন্তত চারশো জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান সরকার। ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যেখানে প্রায় দুই হাজার রোগীর চিকিৎসা চলছিল। ফরেন্সিক মেডিসিন ডিরেক্টরেটের সূত্র জানিয়েছে, বহু মৃতদেহ শনাক্ত করার অবস্থায় নেই।
পাকিস্তান অবশ্য চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, হামলা চালানো হয়েছে কেবল সামরিক স্থাপনা ও সন্ত্রাসবাদ-সহায়ক অবকাঠামোর ওপর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাত ৮টা ৫০ মিনিটে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর আকাশে বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থার আওয়াজও শোনা গেছে। নিহতদের স্বজনরা মরিয়া হয়ে প্রিয়জনদের খোঁজে চিকিৎসা কেন্দ্রের ধ্বংসস্তূপে ভিড় করেন।
এর আগে ২৬ ফেব্রুয়ারি আফগান তালেবান সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালায়। অক্টোবরে দুই দেশ সংঘর্ষ বিরতি ঘোষণা করলেও তা ভেঙে যায়। পাল্টা হামলায় পাকিস্তান কাবুল, পাকতিকা ও কান্দাহারে বিমান হামলা চালায়। জাতিসংঘের সহায়তা মিশনের তথ্য অনুযায়ী, সীমান্ত সংঘর্ষে আফগানিস্তানে অন্তত ৭৫ জন নিহত ও ১৯৩ জন আহত হয়েছেন।