রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার শেখ জনুরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদ্রাসায় শুক্রবার সকালে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় কয়েকজন মুসল্লি।
শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলায়ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করা হয়েছে। চাঁদপুর, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, জামালপুর, ফরিদপুর, মৌলভীবাজার, ঝালকাঠি, কিশোরগঞ্জ, পটুয়াখালী ও মাদারীপুরে শুক্রবার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার প্রায় ৪০টি গ্রামে ঈদ উদযাপন করা হয়। বগুড়ার গাবতলী, সোনাতলা ও ধুনট উপজেলায় দেড় শতাধিক মুসল্লি জামাতে অংশ নেন। নওগাঁর পত্নীতলায় অর্ধশতাধিক মুসল্লি নামাজ আদায় করেন।
দিনাজপুরের সদরসহ ছয়টি উপজেলায় মুসল্লিদের একটি অংশ আগাম ঈদ উদযাপন করেছেন। ফরিদপুরের বোয়ালমারীর ৯টি গ্রামে পাঁচ শতাধিক মানুষ জামাতে অংশ নেন। মৌলভীবাজারে সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।
ঝালকাঠির রাজাপুরে প্রায় ৪০-৪৫টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ১০ হাজার মানুষ ঈদ উদযাপন করেছেন। মাদারীপুরে জেলার ২৫টি গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ ঈদের জামাতে অংশ নেন।