মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে ২৮২ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার (২০ মার্চ) সকালে গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, সকাল ৯টায় ফ্লাইটটি যাত্রা শুরু করে। যাত্রার আগে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার গোল্ডেন টিউলিপ হোটেলে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের শুভকামনা জানান। তিনি গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের জানান, সরকার যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছে। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি চলাকালীন সময়ে বিমানের মাধ্যমে প্রবাসীদের ফিরিয়ে আনা হচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।