ঈদের নামাজের স্থান পরিবর্তন নিয়ে তর্কাতর্কি থেকে মারামারি, আহত ১৩

Date: 2026-03-21
news-banner

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চর এলঙ্গী আচার্য গ্রামে ঈদের নামাজ মসজিদে না ঈদগাহ মাঠে হবে—এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।  

আহতদের মধ্যে রয়েছেন রুবেল হোসেন (৩০), গফুর (৪০), আলম (৪৫), শাকিল (২৫), রিপন (২৬), সরোয়ার (৪৫), আশরাফুল (৩৫), শাহিন (৩৫), জিয়া (৩৭), মুসা (৪৫), মন্টু (৫৫), জুয়েল (২৭) ও ফিরোজা খাতুন (৩৩)। তারা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  

ঈদের দিন সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল। এ কারণে ঈদগাহ কমিটি সকাল সাড়ে ৯টায় জামাত নির্ধারণ করে। তবে একাংশ মন্টু প্রামাণিকের নেতৃত্বে মসজিদে নামাজ শুরু করেন। অপর পক্ষ ঈদগাহে নামাজ পড়ার পক্ষে অবস্থান নেয়। এ নিয়ে তর্কাতর্কি থেকে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।  

সংঘর্ষে মন্টু প্রামাণিকের পক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে গ্রামের চার ভাগের তিন ভাগ মানুষই এবার ঈদের নামাজ পড়তে পারেননি বলে দাবি করেছেন স্থানীয়রা।  

- আহত রুবেল অভিযোগ করেন, প্রতিপক্ষ বাঁশের লাঠি দিয়ে আঘাত করে তাদের অন্তত ১০ জনকে আহত করেছে।  
- অন্যদিকে আহত জুয়েল দাবি করেন, মসজিদে নামাজ শেষে খুতবার সময় প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায় এবং তাদের বাড়িঘরে ভাঙচুর করে।  

বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। স্থানীয়রা দ্রুত এ ঘটনার বিচার দাবি করেছেন।  

Leave Your Comments