বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। শনিবার (২১ মার্চ) রাজধানীর বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
এ সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মানি, জাপান, কোরিয়া, ইটালি, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মিয়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, প্যালেস্টাইন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এছাড়া ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।
এর আগে ডা. শফিকুর রহমান নিজ সংসদীয় আসন ঢাকা-১৫ এর আওতাভুক্ত মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।