ঈদের দিন নানা বাড়ি যাওয়ার পথে নৌকাডুবে, প্রাণ হারাল ১১ বছরের সুফিয়া

Date: 2026-03-21
news-banner

আতিকুর রহমান:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে খেয়া নৌকাডুবির ঘটনায় ১১ বছরের শিশু সুফিয়াসহ অন্তত তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ রয়েছে । ঈদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার উপজেলার লাউড়েরগড় বাজার থেকে শিমুল বাগানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী খেয়া নৌকা নদী পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ভারসাম্য হারিয়ে ডুবে যায়। নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। এ পর্যন্ত সুফিয়াসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাকি দুইজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহতদের একজনের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি এলাকায় এবং অপরজনের বাড়ি বাঘবেড় এলাকায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  নিখোঁজদের সন্ধানে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নিহত সুফিয়া ঈদে নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নৌকায় উঠেছিল বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
ঘটনার পর পুরো তাহিরপুর উপজেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুর্ঘটনাস্থল। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে এবং নৌযান চলাচলে সতর্কতা বাড়ানোর কথা জানিয়েছে।

Leave Your Comments