জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতুতে ঈদে ঘুরতে আসা মানুষের প্রচণ্ড চাপে সেতুটি উল্টে গিয়ে চারজন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিনে বিনোদনের জন্য বিপুলসংখ্যক মানুষ ভাসমান সেতুতে ভিড় জমায়। অতিরিক্ত চাপের কারণে সেতুটি হঠাৎ উল্টে যায় এবং মাঝখান ভেঙে পড়ে যায়। এতে বহু মানুষ পানিতে পড়ে যায়। বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন পানিতে তলিয়ে যান।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক খাদিজা, আব্দুল মোতালেব, মায়ামনি এবং আবিরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি। স্থানীয়রা অভিযোগ করেছেন, ভাসমান সেতুতে মানুষের ভিড় নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা ছিল না।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।