মোঃ আতিকুর রহমান, ক্রাইম রিপোর্টার:
সুনামগঞ্জ-দিরাই সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুরে সড়কের নোয়াখালী এলাকা দিয়ে মদনপুর-দিরাই পয়েন্টের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন মোটরসাইকেল নিয়ে দুই আরোহী দ্রুতগতিতে যাচ্ছিলেন। পথিমধ্যে শান্তিগঞ্জ উপজেলা-এর গাগলী গ্রামের ঈদগাহ এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। সংঘর্ষের তীব্রতায় তার পায়ের হাড় ভেঙে গাছের ভিতর গেথে যায় এবং শরীরের বিভিণ্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। গুরুতর আহত অপর আরোহীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতি ও অসতর্ক চালনাই এ দুর্ঘটনার মূল কারণ। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।