মোঃ আতিকুর রহমান, ক্রাইম রিপোর্টার :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক ব্যবসায়ীকে হাত-পা বেঁধে মারধর করে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী সামরান মিয়া (২৬) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমবাড়ী গ্রামের বাসিন্দা এবং তিনি একজন বিকাশ এজেন্ট ও মুদি ব্যবসায়ী। জানা যায়, গত শনিবার (২১ মার্চ) ঈদের রাতে জামতলা বাজারে তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, রাত প্রায় ৮টার দিকে বড়দল উত্তর ইউনিয়নের খাগাইল সোনাপুর এলাকা থেকে আমবাড়ী যাওয়ার কাঁচা সড়কের একটি ব্রিজে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার মুখ কাপড় দিয়ে বেঁধে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে এবং এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার গলায় ঝোলানো টাকার ব্যাগ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী সামরান মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের খালেক মিয়া (৪৫), তার ছেলে আকাশ মিয়া (২২), সোনাপুর গ্রামের মিন্নত আলী (২৫) ও সুহেল মিয়া (২৮)-এর নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
রোববার (২২ মার্চ) দুপুরে জামতলা বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীর পিতা জহুর মিয়া, স্থানীয় বাসিন্দা হামিদ মিয়া, মোস্তফা, আলী হোসেন, রোমান মিয়াসহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। তারা দ্রুত এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় নিরাপত্তাহীনতা আরও বাড়বে এবং ব্যবসায়ীরা টাকাপয়সা নিয়ে নিরাপদে চলাচল করতে পারবেন না।