দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
সোমবার টাঙ্গাইলের সখীপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলসহ সব ধরনের তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
মন্ত্রী অভিযোগ করেন, একটি অসাধু ব্যবসায়ী চক্র সময় সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে কোনোভাবেই অসাধু ব্যবসায়ীদের প্রশ্রয় দেওয়া হবে না। যানবাহন চালকদের তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।