জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান সরকার তার সব কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে যারা সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছেন, তাদের অবদানকে সরকার যথাযথভাবে মূল্যায়ন করবে। এ সময় তিনি জানান, আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য যে ‘ইনডেমনিটি’ বা দায়মুক্তির বিষয়টি রয়েছে, তা সরকার গ্রহণ করবে এবং তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
তিনি আরও বলেন, এই বিশেষ কমিটির বৈঠকে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে। সরকারের লক্ষ্য হলো আন্দোলনের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি স্থিতিশীল ও জনমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।
এদিকে বৈঠকে অংশ নেওয়ার আগে জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির মো. মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের জন-আকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি কোনো অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বা জনস্বার্থের পরিপন্থী হয়, তাহলে সে বিষয়ে দলটি তাদের জোরালো মতামত তুলে ধরবে।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে সরকারের এই অবস্থান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে নতুন দিকনির্দেশনা দেবে।