আওয়ামী দুঃশাসনের তথ্য নিয়ে লিখা ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন

Date: 2026-03-24
news-banner

রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) অনুষ্ঠিত হলো বিশিষ্ট কলামিস্ট ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের নিবন্ধসমূহের সংকলন “ফিরে দেখা সেই সময়” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক অবস্থান থেকে বিচ্যুতির ফলেই ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি আজ ইতিহাসের অংশ হয়ে গেছে। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তা চর্চা অব্যাহত রাখবে বিএনপি সরকার।

মন্ত্রী আরও বলেন, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ধারা বজায় রাখা হবে। একই সঙ্গে গণতন্ত্রের স্বার্থে অতীতের বিতর্কিত নির্বাচনগুলো নিয়েও আরও বিশ্লেষণ ও মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

বইটি সম্পর্কে তিনি বলেন, “ফিরে দেখা সেই সময়” ভবিষ্যৎ রাজনীতিতে একটি ‘এন্টি ভাইরাস’ হিসেবে কাজ করবে এবং ইতিহাস গবেষক ও সচেতন পাঠকদের জন্য এটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।

গ্রন্থটির লেখক হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রকাশনার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, অতীত রাজনৈতিক বাস্তবতায় একক ক্ষমতার ধারণা থেকে যে শাসনব্যবস্থা গড়ে উঠেছিল, তা গণ-আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস—এই সত্য আবারও প্রমাণিত হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে দেশে ভয়ের সংস্কৃতি, রাজনৈতিক দমন-পীড়ন ও অধিকার সংকোচনের যে চিত্র ছিল, তা তার লেখাগুলোতে তুলে ধরা হয়েছে।

৩৮টি নিবন্ধ সংবলিত এই গ্রন্থে স্থান পেয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যার মধ্যে রয়েছে—রাজনৈতিক সহিংসতা, নির্বাচন প্রক্রিয়া, গণতন্ত্র, মানবাধিকার ও জনঅধিকারসহ সমসাময়িক নানা ইস্যু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীসহ বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ রাজনীতিকে আরও গণমুখী ও জবাবদিহিমূলক করতে হবে। তারা এ ধরনের গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments