জটিলতা কাটিয়ে স্টার সিনেপ্লেক্সে শাকিবের ‘প্রিন্স’

Date: 2026-03-24
news-banner

ডিসিপি জটিলতার কারণে এতদিন স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়নি শাকিব খান অভিনীত ঈদের ছবি ‘প্রিন্স’। অবশেষে আজ, ২৪ মার্চ (ঈদের চতুর্থ দিন) থেকে সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শন শুরু হয়েছে।

বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের ফেসবুক পেজে প্রকাশিত পোস্টারে লেখা হয়েছে, ‘প্রিন্স’ এখন চলছে বড় পর্দায়—অ্যাকশন, ড্রামা ও বিনোদনে ভরপুর এক অভিজ্ঞতা। দর্শকদের নিকটস্থ যেকোনো শাখার টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে সিনেমাটি দেখার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে প্রযোজনা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় ছবিটির প্রদর্শনী নির্ধারিত রয়েছে।

ঈদের দিন মুক্তি পেলেও একাধিকবার ডিসিপি জটিলতার কারণে সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শন সম্ভব হয়নি। এতে শাকিব খানের ভক্তরা হতাশ হন এবং অনেক দর্শক সিনেমা না দেখেই ফিরে যান। তবে অবশেষে স্টার সিনেপ্লেক্সে মুক্তির খবরে দর্শকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এবারের ঈদে দেশের শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘প্রিন্স’। সিনেপ্লেক্স ছাড়া অন্যান্য মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি ইতোমধ্যেই ভালো সাড়া পেয়েছে। এবার স্টার সিনেপ্লেক্সে প্রদর্শনের মাধ্যমে দর্শকসংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। এছাড়া ছবিটির সঙ্গে যুক্ত রয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও।

এই সিনেমায় শাকিব খানকে প্রথমবারের মতো নব্বইয়ের দশকের গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে। তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।

Leave Your Comments