মাদারীপুরে মেট্রো হোটেলে অভিযান: নারীসহ গ্রেফতার ‘দলবদলকারী’ নেতা সাইদুল চৌকিদার, বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার

Date: 2026-03-24
news-banner

নিজস্ব  প্রতিবেদন:

মাদারীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আলোচিত ‘দলবদলকারী’ নেতা সাইদুল চৌকিদার নারীসহ গ্রেফতার হয়েছেন। এসময় তার কাছ থেকে বিদেশি মদ এবং নগদ ১ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মার্চ শুক্রবার রাতে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেল—মেট্রো হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সাইদুল চৌকিদারকে এক নারীর সঙ্গে আটক করা হয়। পরে তার কক্ষ তল্লাশি করে বিদেশি মদ ও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সাইদুল চৌকিদার পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি মস্তফাপুর ইউনিয়নে মেম্বার পদে নির্বাচন করেন এবং আলোচিত জুলাই হত্যা মামলার আসামি শাহজাহান খান প্যানেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব কমে গেলে তিনি দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেন এবং কৃষকদলের ইউনিয়ন সভাপতি প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে উদ্যোগ নেন।

এছাড়াও তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদক ব্যবসা, জুয়ার বোর্ড পরিচালনা, চাঁদাবাজি এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে। এলাকাবাসীর দাবি, এসব অভিযোগের কারণে তিনি দীর্ঘদিন ধরেই বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত।

আরও অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু অসাধু পুলিশ সদস্যের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যার কারণে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে চলাফেরা করতেন এবং প্রায়ই মোটরসাইকেলের পেছনে পুলিশ সদস্যদের সঙ্গে দেখা যেত।

এই ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, সাইদুল চৌকিদারের গ্রেফতার প্রমাণ করে যে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ করে পার পাওয়া যাবে না। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।

Leave Your Comments