নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আর যেসব পাম্প খোলা রয়েছে, সেগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে তেল নেওয়ার আশায় অবস্থান নিতে দেখা গেছে চালক ও ভোক্তাদের। অনেকেই রাতভর অপেক্ষা করেও কাঙ্ক্ষিত তেল পাননি। সামান্য তেল সংগ্রহের আশায় নির্ঘুম রাত কাটাতে হয়েছে তাদের।
বুধবার সকালেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। রাজধানীর বিভিন্ন এলাকায় পাম্পগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না স্বস্তি।
চালক ও সাধারণ ভোক্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই এই সংকট তৈরি হয়েছে। এর ফলে পরিবহন খাত থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায় পড়েছে ব্যাপক নেতিবাচক প্রভাব।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে নগরজীবনে ভোগান্তি আরও বাড়তে পারে।