সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৬৪ জন সহকারী সচিব। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল বা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এ পদ জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডভুক্ত, যার বেতনস্কেল ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত নির্ধারিত।
এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন।
পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলে পূর্বের পদে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।