মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

Date: 2026-03-25
news-banner

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে এবং হোয়াইট হাউসের উদ্যোগে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের আয়োজিত এই আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এ লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, সরকার উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। তিনি উল্লেখ করেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের ওপর, তাই তাদের মানসম্মত শিক্ষা ও মূল্যবোধ নিশ্চিত করা জরুরি।

একজন চিকিৎসক হিসেবে তিনি শিশুদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং রোগ প্রতিরোধে প্রাথমিক পর্যায় থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে পরিবারকে শক্তিশালী করা হচ্ছে এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

শহর ও গ্রামের বৈষম্য কমাতে ‘এড-টেক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহারের ওপরও জোর দেন।

এছাড়া নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, মেয়েদের শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ মার্চ) শুরু হওয়া দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি, ফার্স্ট জেন্টেলম্যান ও প্রতিনিধিরা অংশ নেন।

Leave Your Comments