নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ঘটেছে। এতে একজন পথচারী গুলিবিদ্ধ এবং আরেকজন মারধরে আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুর রহিম (৫৫) শেখপুর গ্রামের বাসিন্দা ও শামছুল হকের ছেলে। তিনি পেশায় গাছ ব্যবসায়ী। আহত সাইফুল ইসলাম মানিক (১৯) সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে সোমবার (২৩ মার্চ) আধিপত্য নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। দেওপাড়া গ্রামের পক্ষে রাকিব পাটওয়ারী এবং শেখপুর গ্রামের পক্ষে মিতুল নেতৃত্ব দেন। স্থানীয়রা জানিয়েছেন, রাকিব পাটওয়ারী হত্যাসহ অস্ত্র মামলার আসামি।
ঘটনার সময় আব্দুর রহিম বাম পায়ে গুলিবিদ্ধ হন। আহত মানিককে চেইন দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সালাম সৌরভ বলেন, আব্দুর রহিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মানিককে হাসপাতাল ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, তিনি ছুটিতে থাকায় ঘটনার বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি, তবে গোলাগুলির খবর পেয়েছেন।