ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

Date: 2026-03-25
news-banner

নিজস্ব প্রতিবেদক:


ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছোড়া গুলিতে ছোট ভাই মিন্টু নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনের রেলগেট সংলগ্ন স্থানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত মিন্টুর বড় ভাই ডা. গোলাম কবির ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় গাছ বিক্রির বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ডা. গোলাম কবির ক্ষিপ্ত হয়ে তার বন্দুক দিয়ে মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

গুরুতর আহত মিন্টুকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক গোলাম কবিরকে হাতে-নাতে আটক করে। পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গোলাম কবিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave Your Comments