জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবরে ছোট ছেলের তাণ্ডব

Date: 2026-03-25
news-banner

নিজস্ব প্রতিবেদক:
জমির অংশ কম পাওয়ার ক্ষোভ থেকে নিজের জন্মদাতা পিতার কবরের বেড়া ও স্থাপনা ভাঙচুরের এক নজিরবিহীন ঘটনা ঘটেছে গাইবান্ধায়। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহ আলম মিয়া শালু, যিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য, মৃত আব্দুল মান্নান মিয়ার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন নিয়ে ক্ষুব্ধ হয়ে এ কাজ করেন। বণ্টন অনুযায়ী, দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার অংশে বাবার কবরস্থান পড়েছিল। তবে শাহ আলম মিয়া শালু মনে করেন, তার মেজো ভাই বেশি জমি পেয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি কবরের ওপর উঠে বেড়া ও অন্যান্য অংশ ভাঙচুর করেন এবং জায়গাটি নিজের বলে দাবি করেন।

এলাকাবাসী অভিযোগ করেছেন, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করেন এবং তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, “পিতার কবরের ওপর এমন তাণ্ডব অত্যন্ত দুঃখজনক। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্তের শাস্তি দাবি করছি।”

ঘটনার বিষয়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। একজন সন্তানের পক্ষ থেকে পিতার কবরের প্রতি এমন আচরণ সত্যিই অত্যন্ত বেদনাদায়ক।”

Leave Your Comments