ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

Date: 2026-03-25
news-banner

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দেবিদ্বার উপজেলায় দুঃস্থ ও গরিব জনগণের মাঝে বরাদ্দকৃত দশ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, সহায়তা পৌছানোর কাজ সোমবার (২৪ মার্চ) সম্পন্ন হয়েছে।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডি এবং ‘জবাবদিহিতা’ নামের পেজে পোস্টে উল্লেখ করেছেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য এনআইডি নম্বর এবং মোবাইল নম্বর ঢেকে রাখা হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য যেকোনো তথ্য উন্মুক্তযোগ্য রাখা হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার জনকে নগদ এক হাজার টাকা করে, মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৫০০ জনকে ঈদ সামগ্রী সরাসরি পৌঁছে দেয়া হয়েছে।

সংসদ সদস্য আরও জানান, সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হয়নি। মূল লক্ষ্য ছিল প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়া।

হাসনাত আবদুল্লাহ পোস্টে উল্লেখ করেছেন, সব সুবিধাবঞ্চিত মানুষ এই বরাদ্দের আওতায় আসেনি। সরকারি বরাদ্দ অর্থ সহায়তার আওতায় এসেছে মাত্র এক হাজার জন এবং ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রীর আওতায় এসেছে ৫০০ জন। তাই এখনও কিছু সুবিধাবঞ্চিত মানুষ বাকি থাকতে পারে।

Leave Your Comments