পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি, পরিদর্শনে প্রতিমন্ত্রী আজাদ

Date: 2026-03-25
news-banner

মোঃ মাহমুদুল হাসান বাবু ,পঞ্চগড় প্রতিনিধি: 


পঞ্চগড় জেলা শহরের টিন পট্টি রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ফেন্সি ও হার্ডওয়্যারসহ বিভিন্ন দোকানের কয়েক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়েই একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়ে জানান, তাদের জীবনের সঞ্চয় মুহূর্তেই শেষ হয়ে গেছে। অনেকেই এখন পথে বসার আশঙ্কা করছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের কাপড়ের মার্কেটেও ভয়াবহ ক্ষতি হতে পারত। আগুনের শিখা দেখে আশপাশের লোকজন চিৎকার করে মানুষকে জড়ো করেন এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আগুন নেভাতে সহযোগিতা চান।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

ঘটনার পর রাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার (২৫ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, “যাদের দোকান পুড়ে গেছে তারাই বোঝে ক্ষতির পরিমাণ কতটা। এই ক্ষতি পুরোপুরি পূরণ করা সম্ভব না হলেও সরকার ও সমাজের সবাই মিলে তাদের পাশে দাঁড়াবে।”

তিনি ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের কাছে আবেদন করার পরামর্শ দেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।

এ সময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীরাও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং সহানুভূতি প্রকাশ করেন।

Leave Your Comments