মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকাল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম (এমপি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দীকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি সেলিমুজ্জামান সেলিম কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) আবুল বাসার মিয়া, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান।
এ কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলার ১,৬০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে উচ্চ ফলনশীল আউশ ধান বীজ ৫ কেজি ও সার ২০ কেজি, পাট বীজ ১ কেজি ও সার ১০ কেজি, তিল বীজ ১ কেজি ও সার ১৫ কেজি করে দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিনও বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের সহায়তায় সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।