ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার দুই নারীর হাসপাতালে মৃত্যু

Date: 2026-03-25
news-banner

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে উল্টে পড়ে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর দুই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতরা হলেন রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫)। আহত হয়েছেন ভবানীপুরের ডা. নুসরাত (২৯)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরীফুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত তিনজন নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, জেলা প্রশাসন জানিয়েছে, পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি পানির প্রায় ৯০ ফুট গভীরে শনাক্ত করা হয়েছে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নদীতে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় কয়েকজন যাত্রী বের হয়ে আসতে সক্ষম হন, তবে বাকিরা নদীতে তলিয়ে যান।

দুর্ঘটনাস্থলে ঝড়-বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এরই মধ্যে ফায়ার সার্ভিস পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

জানা গেছে, বাসটি বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে আরও যাত্রী ওঠার পর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

Leave Your Comments