স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইনসাফভিত্তিক, স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ বিনির্মাণে দল-মত-পথ নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন, এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে আমরা একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে এগিয়ে চলার সাহস পাই।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের পবিত্র কর্তব্য। রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে সাম্য, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, দীর্ঘদিনের অপশাসন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং জ্বালানি সংকটের মধ্যে সরকার দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এই পথে দৃঢ় জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সহমর্মিতা অপরিহার্য।