নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুর সদর উপজেলায় বাজি ফোটানোকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধূর নাম বনানী শিকদার (৩৫)। তিনি ওই গ্রামের পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে কয়েকজন শিশু পটকাবাজি ফোটাচ্ছিল। ওই বাজির একটি ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রী অমৃতি শিকদারের কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বনানী শিকদারের সঙ্গে প্রতিবেশী মন্টু শিকদারের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মন্টু শিকদার উত্তেজিত হয়ে হালচাষের লাঠি দিয়ে বনানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা বনানীকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনদী ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্বামী সুব্রত শিকদার বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।