দুই নারীর মরদেহ ও ৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে ৩৩

Date: 2026-03-25
news-banner

নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখনও বহু যাত্রীর মরদেহ পানির নিচে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৩৩ জন যাত্রীর মরদেহ এখনও পানির নিচে রয়েছে। উদ্ধারকাজে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি ও দুইজন সহকারী ডুবুরি অংশ নিয়েছেন। পাশাপাশি পাঁচ সদস্যের একটি দল কাজ করছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ জানিয়েছেন, এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে জানা যায়, অর্ধশতাধিক যাত্রী নিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। একটি ফেরি এসে পন্টুনে সজোরে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, বাসটিতে প্রায় ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে বাকিদের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।

Leave Your Comments