মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Date: 2026-03-25
news-banner

নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনি ও শিবচর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ও আজ ভোরে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলায় ইজিবাইক উল্টে খাদে পড়ে চান মিয়া (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী, মেয়ে ও চালকসহ আরও চারজন আহত হন। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত চান মিয়া উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মাঝেরচর কান্দি গ্রামের নায়েব আলী বেপারীর ছেলে।

কালকিনি থানা-পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার উত্তর উরারচর এলাকা থেকে ইজিবাইকে করে সপরিবারে বাঁশগাড়ির দিকে যাচ্ছিলেন চান মিয়া। পথে নীলমনি ব্রিজ পার হওয়ার সময় চালক মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, শিবচর উপজেলার এক্সপ্রেসওয়ের পাচ্চর সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় আনুমানিক ২৩ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

হাইওয়ে থানা-পুলিশ জানায়, যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস ওই যুবককে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর সেরনিয়াবাদ পৃথক দুটি দুর্ঘটনায় নিহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাতেই আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave Your Comments