মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, সরকারের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। জ্বালানি সরবরাহ ঠিক রাখতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন পর্যন্ত রিজার্ভ পর্যাপ্ত রয়েছে। আমাদের আগে যেখানে ১৫ দিনের একটি রিজার্ভ থাকত, বর্তমানে সেখানে প্রায় এক মাসের মতো রিজার্ভ রয়েছে।
তিনি বলেন, সরকার যে পরিকল্পনা নিয়েছে, তাতে খুব শিগগিরই এই রিজার্ভ আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, যাতে জ্বালানি ধাক্কা সামলে নেওয়া যায়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দিনভর ব্যস্ত ছিলেন। আজ সকালে জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হয়েছে, যেখানে অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী উপস্থিত ছিলেন। জ্বালানি বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিপরিষদ বৈঠকের একটি নির্ধারিত তারিখ থাকে। বৃহস্পতিবার এই বৈঠকের তারিখ ছিল। কিন্তু ২৬ মার্চ স্বাধীনতা দিবস হওয়ায় ওই দিন জাতীয় পর্যায়ে অনেক কর্মসূচি থাকায় আজ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।