মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

Date: 2026-03-26
news-banner

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। গণহত্যা থেকে মুক্তির শপথ নেওয়ার এই দিনে জাতি স্মরণ করবে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

এই প্রাঙ্গণ, এই স্মৃতির মিনার—যেখানে প্রতিফলিত হচ্ছে জাতির সূর্যসন্তানদের ত্যাগ, সাহস আর ভালোবাসা। রাত পেরোলেই ফুলে ফুলে ছেয়ে যাবে শহীদদের প্রতি শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন, সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

এরই মধ্যে শেষ হয়েছে ধোয়া-মোছার কাজ। তুলির আঁচড়ে নতুন রূপে সেজেছে পুরো আঙিনা। বাহারি রঙের ফুলে সাজানো হয়েছে পুরো চত্বর। জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সেনাবাহিনীর সদস্যরা। মহড়ায় শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন নিজেদের।

স্মৃতিসৌধের আশপাশে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হবে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি। এরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে।

Leave Your Comments