নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন সংলগ্ন বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় চলন্ত অবস্থায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, ১৭টি বগি নিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ছয়টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাতটার দিকে ট্রেনটি বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপ নিয়ন্ত্রিত ‘চ’ বগির সামনে থাকা পাওয়ার কারটিতে হঠাৎ আগুন ধরে যায়। ট্রেনের এক বয়স্ক যাত্রী ওয়াশরুমে গিয়ে প্রথম আগুন দেখতে পান এবং চিৎকার করে অন্যদের সতর্ক করেন। তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেওয়া হলে যাত্রীরা দ্রুত নিচে নেমে নিরাপদ আশ্রয়ে চলে যান।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রেনের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা মিলে সাহসিকতার সঙ্গে আগুনের উৎসস্থল থেকে অক্ষত বগিগুলো বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে সরিয়ে নিয়ে যান।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান হাবিব জানান, সকাল সাতটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পাওয়ার কারে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। দ্রুত প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফৌজদারহাট রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পাওয়ার কার এবং ‘চ’ বগিটি বিচ্ছিন্ন করে ট্রেনটি ফৌজদারহাট স্টেশনে নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে বিকল্প দুটি বগি এনে সংযুক্ত করার পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।