ব্রাজিলের সামনে আজ ফ্রান্সকে স্পর্শ করার চ্যালেঞ্জ

Date: 2026-03-26
news-banner

এগারো বছর পর আজ আবারও ব্রাজিল-ফ্রান্স ম্যাচ। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াই হবে বিশ্বকাপের শহর বোস্টনে। রাত ২টায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচকে মর্যাদার লড়াই হিসেবে আখ্যা দিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। অন্যদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে বারবার মুখোমুখি হতে হচ্ছে নেইমার ইস্যুতে।

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেছেন, “ব্রাজিলের সঙ্গে খেলা সবসময় বিশেষ কিছু। এরকম ম্যাচ খেলার সুযোগ খুব বেশি আসে না। এমন দুই দলের খেলা দর্শকদের জন্য বিশেষ কিছু। এটি ফুটবল ইতিহাসেরই অংশ। এটা মর্যাদার লড়াই।”

আট বছর আগে শেষ চ্যাম্পিয়ন ফ্রান্স এবং মাত্র চার বছর আগের বিশ্বকাপ আসরে অবিশ্বাস্য এক ফাইনাল উপহার দিয়ে হেরেছে। বিপরীতে ১৪ বছর হতে চলল সোনালি ট্রফি অধরা সেলেসাওদের। এবারও ফেভারিটের তালিকায় নেই দলের নাম। ভিনিসিয়ুস জুনিয়র চান ক্লাব ফর্ম জাতীয় দলেও ধরে রাখতে।

রিয়াল মাদ্রিদে খেলা এই ফরোয়ার্ডের ভাষ্য, “আমাদের লক্ষ্য দারুণ ফুটবল খেলা। কারণ বিশ্বকাপ খুব কাছে চলে এসেছে। একটা জয় বা একটা গোল বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়াবে। আমরা ফেভারিট নই, তবে হতে চাই না।”

প্রীতি ম্যাচে নেইমার না থাকায়, বিশ্বকাপ দলে তিনি থাকবেন কি না তা নিয়ে একের পর এক প্রশ্নের মুখোমুখি হচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। উত্তরে তিনি বললেন, “আমি সবকিছু দেখি, শুনি, তারপর সিদ্ধান্ত নেই। এটাই আমার দায়িত্ব। তবে ফুটবলে এটাই স্বাভাবিক—সবার একটা মত থাকবে। কারণ এটা কোনো বিজ্ঞান নয়। সবাই তার মতামত দিতে পারে।”

দু’দলের আগের ১২ খেলায় ফ্রান্সের এক জয় বেশি। ফ্রান্স জিতেছে পাঁচটি, ব্রাজিলের জয় চারটি। সবশেষ ২০১৫ সালে প্রীতি ম্যাচে ব্রাজিল জিতেছিল ৩-১ গোলে।

Leave Your Comments