রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৯

Date: 2026-03-26
news-banner

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যান।

বাসে থাকা যাত্রীদের সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি রিজার্ভ করে চট্টগ্রামের কর্মস্থলে ফিরছিলেন পোশাকশ্রমিকরা। পথিমধ্যে সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। যাত্রীরা চট্টগ্রামের বিভিন্ন পোশাক তৈরি কারখানায় কর্মরত বলে জানা গেছে।

বাসটির যাত্রী জুই চাকমা বলেন, “বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সাপছড়ি এলাকার ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।”

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, বাসটি চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের অন্য একটি বাসে চট্টগ্রামে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. আব্দুল মান্নান বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে পাঠিয়েছে। গাড়িতে কোনও যাত্রী আটকা ছিল না।”

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, “যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এর মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে, ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।”

Leave Your Comments