সেনাপ্রধানের ঘোষণা: ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে যোগ দেবে উগান্ডা

Date: 2026-03-26
news-banner

উগান্ডার সামরিক বাহিনীর প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে, জেনারেল মুহুজি কাইনেরুগাবা বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দ্রুত শেষ হোক—এমনটাই তারা চান। তবে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল যদি পরাজয়ের মুখে পড়ে, তাহলে দেশটির পক্ষে যুদ্ধে যোগ দেবে উগান্ডা।

বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন,

“আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এ নিয়ে ক্লান্ত। কিন্তু ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার কোনো আলোচনা হলে আমরা ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধে যোগ দেব।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে উগান্ডার এই শীর্ষ সামরিক কর্মকর্তার মন্তব্য এসেছে।

গত কয়েক সপ্তাহে কাইনেরুগাবা আরও আলোচনায় এসেছেন ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি কমান্ডো ইয়োনাতান ইয়োনি নেতানিয়াহুর সম্মানে একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা ঘোষণা দিয়ে। ওই কমান্ডো ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ছিলেন।

এদিকে ফেব্রুয়ারির শেষ থেকে সংঘাত তীব্র আকার ধারণ করেছে ইসরায়েল ও ইরানের মধ্যে। বিশেষ করে যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টি আঘাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। এছাড়া হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যহত হওয়ায় এই রুট দিয়ে তেল আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আনাদোলু

Leave Your Comments