জামালপুরে গরু চোর সন্দেহে এক যুবককে ধরতে গিয়ে না পেরে তার বাবা-মাকে তুলে নিয়ে শালিসি বৈঠকে মারধরের অভিযোগ উঠেছে। অপমান সইতে না পেরে জোসনা বানু নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোসনা বানু ওই এলাকার সুরুজ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টার দিকে উপজেলার খলিলহাটা এলাকার পুলিশের এসআই নায়েব আলীর বাড়িতে গরু চুরির চেষ্টা করা হয়। ঘটনার পর রাত ৩টার দিকে স্থানীয় ইউপি সদস্য নায়েব আলী লোকজন নিয়ে প্রতিবেশী সুরুজ্জামানের ছেলে সুজন মিয়াকে চোর সন্দেহে ধরতে যান। তবে সুজন বাড়িতে না থাকায় তার বাবা সুরুজ আলী ও মা জোসনা বানুকে ধরে নিয়ে আসা হয়।
পরবর্তী দিন বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে এলাকায় শালিসি বৈঠক বসে। বৈঠকে আরও দুইজন, তোতা মিয়া ও সোহেল রানাকে চোর সন্দেহে ডেকে এনে মারধর করা হয়। একই সঙ্গে সুরুজ আলী ও তার স্ত্রী জোসনা বানুকেও মারধর করা হয়। অপমান সইতে না পেরে জোসনা বানু বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য নায়েব আলী। খবর পেয়ে জামালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। জামালপুর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।