নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া চুরির মামলার এক আসামিকে রাতভর অভিযান শেষে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে (২৬ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মনিরুজ্জামান ওরফে মনিরুল ইসলাম (২৭)। সে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ মার্চ) উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ফারুক হোসেনের বাড়িতে আসবাবপত্র চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে আসামিকে শনাক্ত করে।
পরবর্তীতে একইদিনে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। এরপর পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই মাল উদ্ধারের জন্য অভিযানে বের হয়। তবে অভিযানের পথে সে সুযোগ বুঝে পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।
পালিয়ে যাওয়ার পর পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “চুরির ঘটনায় গ্রেপ্তার করা আসামি হাতকড়া পরা অবস্থায় পালানোর পর রাতভর অভিযান চালিয়ে তাকে পুনরায় আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুরি এবং পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”