ভোগাই নদীর তীরে অষ্টমী স্নান:নালিতাবাড়ীতে পূণ্যার্থীদের ঢল

Date: 2026-03-26
news-banner

পুলক রায়,শেরপুর:
হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর তীরে পূণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকেই পৌর শহরের কাচারীপাড়া গঙ্গা মাতার মন্দির সংলগ্ন ঘাটে শুরু হয় এই পুণ্যস্নান।
পাপমোচনের আশায় অষ্টমী তিথির পুণ্য লগ্নে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে আসা ভক্তরা ভোগাই নদীতে স্নান করতে ভিড় করেন। ‘হে ভগবান, হে লৌহিত্র, আমার পাপহরণ কর’—এমন মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ফুল, ফল ও বিভিন্ন উপাচার নিয়ে ভক্তরা অংশ নেন স্নানোৎসবে।
অষ্টমী স্নানকে কেন্দ্র করে কাচারীপাড়া এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। ঘাটগুলোতে পুরোহিতদের মাধ্যমে মন্ত্রপাঠ শেষে পুণ্যার্থীরা স্নানে অংশ নেন এবং বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।
পুণ্যার্থীদের সুবিধার্থে গঙ্গা মাতা মন্দির কমিটির পক্ষ থেকে স্নানঘর ও বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রসাদ বিতরণ ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়।
নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া ব্যবস্থা। আয়োজক কমিটির সদস্যরা জানান, সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
এদিকে, স্নানোৎসবকে কেন্দ্র করে এলাকায় বসে মেলা। মেলায় বিন্নি-চিনির তৈরি খেলনা, হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের সমাহার ঘটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূণ্যার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে।
উল্লেখ্য, এ আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, নালিতাবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave Your Comments