তেল সিন্ডিকেটে বিএনপির যোগসাজশ: আসিফ মাহমুদ

Date: 2026-03-27
news-banner

বড় বড় কোম্পানিগুলো তেল মজুত করছে, আর এই মজুত সিন্ডিকেটে বিএনপির বিভিন্ন অংশের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কার ও গণভোট বাস্তবায়নের রাজনৈতিক কর্তব্য নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, “আমি গত সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। তেলের দুই মাসের মজুত থাকার কথা। এক মাসের মধ্যে কীভাবে এত দূরবস্থা হয়? অবশ্যই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে।”

বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে বিএনপি গণতন্ত্রের ক্ষতি করেছে। বিএনপি যাদের মেয়র পদে নির্বাচন করাবে, তাদের কি প্রশাসক হিসেবে বসিয়ে দিয়েছে? প্রশাসক পদে বসেই তারা যদি নির্বাচন করেন, তাহলে অন্যরা নির্বাচন করে কী করবে?”

গুম-সংক্রান্ত অধ্যাদেশে বিএনপির সংশোধনী আনার প্রস্তাবেরও সমালোচনা করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “গুম-সংক্রান্ত অধ্যাদেশে সংশোধনী আনার প্রস্তাব করে বিএনপি প্রমাণ করছে যে তারাও গুম করতে চায়।”

বিএনপির উদ্দেশে এনসিপির এই নেতা আরও বলেন, “আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যেতে চান, তাহলে আমরা আপনাদের সঙ্গে রয়েছি। তা না হলে আমাদের জনগণের কাতারে এসে সঠিক গতিপথ বেছে নিতে হবে।”

এদিকে, রাজনৈতিক প্রশ্নের সুরাহা না করে শুধুমাত্র ‘ফ্যামিলি কার্ডের’ ভেলকি দেখিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন না হলে মাঠের আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তারা।

Leave Your Comments