নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগরের বাড়ি চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমাড়ি গ্রামে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, “ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সাগর হোসেন মারা যান। এ সময় প্রাইভেটকারে থাকা নোমান তরফদার নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”
ওসি আরও জানান, “দুর্ঘটনার পরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”