যুবদল নেতা কিবরিয়া হত্যার ২ শুটার বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

Date: 2026-03-27
news-banner

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়ায় র‍্যাব-৪ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে দুই শুটারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিবরিয়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরিকল্পনা অনুযায়ী তারা হত্যার ‘কিলিং মিশনে’ অংশ নিয়েছিল।

গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে হেলমেট ও মুখোশ পরা তিন অস্ত্রধারী মিরপুর ১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ দোকানে ঢুকে কিবরিয়াকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তরা পালানোর সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে এবং দ্রুত না চালানোয় চালক আরিফ হোসেনের (১৮) কোমরে গুলি করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। কিবরিয়াকে শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দীনা মঙ্গলবার পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামি হিসেবে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও সাত-আটজনকে হত্যাকাণ্ডে জড়িত উল্লেখ করা হয়েছে। পল্লবী থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিবরিয়ার দোকানে ঢোকার দু-তিন সেকেন্ডের মধ্যে কয়েকজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তাকে গুলি করতে শুরু করে। একজনের পরনে পাঞ্জাবি, দুজনের গায়ে শার্ট ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল। দোকানে থাকা বাকি ৯ জন ভয়ে বাইরে চলে যান।

Leave Your Comments