নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জের ধরে মো. সজীব আকন (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সজীব আকন কয়ারিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম এবং জাহাঙ্গীর আকনের ছেলে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক কলহের কারণে সজীব আকন ওই দিন খালি বাড়িতে বসতঘরের ফ্যানের সাথে রশি বেঁধে আত্মহত্যা করেন।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।