নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তার এলাকায় ওয়াজ, কীর্তন এবং বাউল গান সবই অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “বাংলাদেশের কৃষ্টি-কালচার ও সংস্কৃতি লালন-পালন করে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। নতুন প্রজন্মকে কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে জানাতে হবে। যারা বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত, তারাও আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।”
তিনি আরও অভিযোগ করেন, “গত ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। এমনকি বাউল গানের সাথে সম্পৃক্তদের হেনস্তা করে জেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো রাজনীতিক প্রতিবাদ করেছেন কি না জানি না, তবে আমি প্রতিটি মাজার ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। ঈদুল ফিতরের একদিন পরও সিলেটে বাউল গানের আসরে ভাঙচুর হয়েছে।”
শেষে রুমিন ফারহানা স্পষ্টভাবে বলেন, “আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ, কীর্তন এবং বাউল গান সবই হবে।”
উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।