নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা নীতি দত্ত চাকমা (৪৫) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নীতি দত্ত চাকমা ইউপিডিএফের (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা, মৃত বর্ণনাতীত চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিনি সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা মৃত ঘোষণা করেন।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া না জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানাবেন বলে নিশ্চিত করেছেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ প্রসীত, ইউপিডিএফ গণতান্ত্রিক এবং জনসংহতি সমিতি সন্তু গ্রুপের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধের ঘটনা প্রতিনিয়ত ঘটছে।