থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর, জামায়াত নেতা গ্রেপ্তার

Date: 2026-03-27
news-banner

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ একাধিক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে একজন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোরে পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান সারোয়ারে আলম

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি এবং গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এছাড়া তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ও ২০১৩-১৪ সালের পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, গত ২৫ মার্চ রাত ১০টার দিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে একটি অভিযোগপত্র নিয়ে থানায় যান। ওসির সঙ্গে কথাবার্তা চলাকালে তর্কবিতর্ক শুরু হয়। পরে পলাশ ও তার সহযোগীরা ওসিকে একটি খোলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে চাপ প্রয়োগ করেন। ওসি রাজি না হওয়ায় তারা ওসিসহ উপস্থিত পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। এ ঘটনায় এক নারী কনস্টেবলসহ নয়জন পুলিশ সদস্য আহত হন।

মামলার প্রধান আসামি করা হয়েছে পলাশ আহমেদ (৩৫) এবং অন্যান্য আসামি হলেন: মাহফুজ রহমান সিনহা (২৮), তৌহিদুল ইসলাম কানন (৩৩), মেহেদী হাসান (৩৫), সাদ্দাম হোসেন (৩০), শাওন (৩৫), গোলজার রহমান (৩২), সবুজ মিয়া (৩২) এবং আব্দুল মালেক (৩৭)।

ঘটনার দিনই তৌহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, তৌহিদুল ইসলাম দৈনিক গণকন্ঠের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

পলাশবাড়ী থানার ওসি খান সারোয়ারে আলম জানান, থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ভোররাতে জামায়াত নেতা মিজানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার অজ্ঞাতনামা আসামি।

Leave Your Comments