সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (২৭ মার্চ) জেদ্দায় এই দুই বিশ্বনেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এসপিএ’র বরাতে জানা গেছে, বৈঠকে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং ইউক্রেন সংকটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। এছাড়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক পর্যালোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জেলেনস্কি জানান, ইউক্রেন ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
জেলেনস্কি বলেন, সৌদি সফরের অংশ হিসেবে জেদ্দায় যুবরাজের সঙ্গে বৈঠকের আগেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি আরও বলেন, “আমরা আমাদের অভিজ্ঞতা ও প্রযুক্তি সৌদি আরবের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।”
শনিবার (২৮ মার্চ) জেদ্দা ত্যাগ করার কথা রয়েছে জেলেনস্কির। তাকে কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাবেন মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ইরান যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সামরিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন জেলেনস্কি। বিশেষ করে ইরানের কামিকাজি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের অভিজ্ঞতা ও প্রযুক্তি ভাগাভাগি করার প্রস্তাব দেন তিনি।
জানা গেছে, সৌদি আরবসহ কয়েকটি দেশ সেই প্রস্তাব গ্রহণ করেছে। এসব দেশে বর্তমানে ইউক্রেনের ২০০ জনের বেশি সামরিক প্রযুক্তিবিদ কাজ করছেন।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি শাহেদসহ বিভিন্ন সস্তা কিন্তু কার্যকর ড্রোন ব্যবহার করেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব ড্রোন মোকাবিলায় দক্ষতা অর্জন করেছে ইউক্রেনের বাহিনী। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কিয়েভ।
সূত্র: আল আরাবিয়া